কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মা পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৬টি বসতঘর, আসবাবপত্র, ধানচাল ও গবাদিপশুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার ছোট ভাই জাহিদুল ইসলামের ঘরেও। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে দুই পরিবারের ৬টি টিনশেড ঘর, ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধশতাধিক হাঁস-মুরগি, আসবাবপত্র, বাইসাইকেল ও অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে দুইটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, “আগুনে ওই দুই পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।”
ঘটনার পরদিন বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। তিনি জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা আছি। ইতোমধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
এদিকে, এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে মানবিক সহায়তার প্রত্যাশায় দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি।