কুড়িগ্রাম জেলার উলিপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রাথমিক সদস্যপদসহ সবধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল (১৮ অক্টোবর) রাত ১১.০০ টার দিকে তার অফিশিয়াল ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এক বিবৃতিতে জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে তার বিশ্বাস করা আদর্শিক মূল্যবোধ বিকৃত হয়েছে, যা তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ালেও তিনি জানান, উলিপুরের সাধারণ মানুষের সামাজিক ও মানবিক সহায়তায় তার কাজ আগের মতোই অব্যাহত থাকবে এবং তা আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাবেন।
ইঞ্জি. আবু সাঈদ জনী বলেন, সুযোগ পেলে নতুন ধারার রাজনীতিতে বড় পরিসরে জনগণের সেবা করতে চান তিনি। নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করে তিনি উলিপুরবাসীকে পাশে থাকার আহ্বান জানান।