কুড়িগ্রাম-০৩ (উলিপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনী)। সম্প্রতি তিনি বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে পদত্যাগের পর নতুন রাজনৈতিক পথ বেছে নেন।
ইঞ্জি. জনী জানান, তিনি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুগামী ছিলেন এবং ছাত্রদল থেকে শুরু করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) ও জিয়া শিশু-কিশোর সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে তার ধারণা অনুযায়ী আদর্শের বিকৃতি দেখা দেয়, যা তাকে পদত্যাগে প্ররোচিত করে।
নতুন রাজনৈতিক যাত্রা সম্পর্কে তিনি বলেন, “মনোনয়ন পাই বা না পাই—জাতীয় নাগরিক পার্টি আমাকে যে সম্মান, সৌজন্যবোধ এবং সহমর্মিতা দেখিয়েছে, আমি তা সবসময় মনে রাখব। এজন্য দায়িত্বপ্রাপ্ত ড. আতিক মুজাহিদ ভাইসহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে সম্মান ও ভালোবাসা রইল।”
ইঞ্জি. জনী আরও জানান, তিনি উলিপুরসহ কুড়িগ্রাম-৩ আসনের জনগণের কল্যাণে নতুন প্ল্যাটফর্ম থেকে কাজ করার লক্ষ্য রেখেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত এই প্রকৌশলী জানিয়েছেন, জনগণের পাশে থেকে তাদের উন্নয়ন ও সহযোগিতায় তার প্রচেষ্টা আগের মতো অব্যাহত থাকবে।
উলিপুর এবং পুরো কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জি. জনীর এই ঘোষণায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা তার নতুন পথকে গুরুত্বের সঙ্গে দেখছেন।