বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান

চরম অর্থকষ্টে থাকা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার শাহীন আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য এই পেসারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রাজধানীর মিরপুরে শনিবার (০৩ জানুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এই অনুদানের অর্থ তুলে দিয়ে আমিনুল জানান, শাহীনের কাছ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পাওনা অর্থ দেওয়া হয়েছে খামে। তবে টাকার অঙ্ক প্রকাশ করেননি তারা।

এসময় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আশ্বাস দেন, শাহীনের ভবিষ্যত ক্যারিয়ারের সামনে এগিয়ে নেওয়ার জন্য সবসময় পাশে থাকবেন তারেক রহমান ও বিএনপি।

উল্লেখ্য, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা অর্জনে শাহীন আলম ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

তবে দীর্ঘদিনের ইনজুরি এবং পারিবারিক অস্বচ্ছলতার কারণে গত কয়েক বছর ধরে তার ক্যারিয়ার থমকে দাঁড়িয়েছে। টানা দুই বছর মাঠের বাইরে থাকার পর সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি।

বর্তমানে কুড়িগ্রামের এই ক্রিকেটার বাবা-মায়ের অসুস্থতা এবং তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগেও কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এই মানবিক সংকটের কথা জানতে পেরে তারেক রহমান তার ব্যক্তিগত তাগিদ থেকে এই সহায়তার উদ্যোগ নেন।

আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় আমিনুল হক বলেন, “বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো মেধাবী পেসার অভাবের তাড়নায় হারিয়ে যাবে, তা হতে পারে না।”

তিনি আরও বলেন, “তার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি শাহীনকে আবারও মাঠে ফিরতে অনুপ্রাণিত করবে।”

সহায়তা পেয়ে শাহীন আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবারও ক্রিকেটে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share With