ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কুড়িগ্রামে ১২ জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. আবু সুফিয়ানসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই কর্মসূচির আওতায় মোট তিন লাখ পনেরো হাজার চার টাকার বিভিন্ন দোকানের মালামাল ক্রয় করে বিতরণ করা হয়। সহায়ক উপকরণের মধ্যে ছিল— গালামালের দোকান, কাঁচামালের দোকান, মৎস্য ব্যবসা ও চা-পানের দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করেছে শহর সমাজসেবা কার্যালয়।
সমাজসেবা বিভাগের কর্মকর্তারা জানান, পুনর্বাসিত ভিক্ষুকদের আত্মনির্ভরশীল করে তুলতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরও ভিক্ষুককে এই উদ্যোগের আওতায় আনা হবে।