ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা ইসলামী ব্যাংকের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে “আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিতকরণ, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার”– এসব দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সৈয়দ মাওলানা মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। তিনি বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সক্ষম এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান, সহ-সভাপতি মো. জুলহাস উদ্দিন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলামসহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা।

Share With