কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ১৪২ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় কাকড়া মোড় এলাকায় অভিযানে নামে। এ সময় স্থানীয় একটি হোটেল থেকে সাজিয়া বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে ৮২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সাজিয়া তার বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করলে তল্লাশী চালিয়ে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক নারী কারবারি সাজিয়া বেগমের (স্বামী: আসাদ আলী) বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নয়েব মোঃ কাজি নুরুন্নবী বলেন, “মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”