মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রামের সভাপতি পুনর্নির্বাচিত সিরাজুল ইসলাম ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি পদে দ্বিতীয়বারের মতো সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সিরাজুল ইসলাম ফারুকী। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর শহরের রংপুর মডেল কলেজে বিভাগীয় মুফাসসীর সম্মেলনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি)। পাশাপাশি তিনি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।

নির্বাচন ও পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ টি এম আজম খান। আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা নুরুল আমিন এমপি ও অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। এছাড়া বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন নাসেরী, ফখরুদ্দিন আহমদ ও মাওলানা নাসির উদ্দীন হেলালীসহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যের শুরুতেই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সকল জেলা ও বিভাগীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে মাজলিসুল মুফাসসিরিন রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share With