রাজারহাটে ঝুঁকিপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আনন্দবাজার থেকে রাজারহাট পর্যন্ত চলাচলের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনসাধারণ।

আজ রবিবার (২ নভেম্বর) বেলা ৩টার দিকে ফরকেরহাট বাজার জামে মসজিদের সামনে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আনন্দবাজার থেকে রাজারহাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে গিয়ে এ পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ সময় বক্তারা আরও জানান, সড়কটি সংস্কারের দায়িত্ব একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হলেও দীর্ঘদিন ধরে কোনো কাজের অগ্রগতি নেই। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেহাল সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার আহ্বান জানান। পাশাপাশি তারা গর্তগুলো দ্রুত ভরাট, ডিসেম্বর মাসের মধ্যে সংস্কারকাজ শেষ করা এবং কাজে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়—সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্থানীয়রা বলেন, এ সড়কটি আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share With