কুড়িগ্রামের রাজিবপুরে পাট কাটতে গিয়ে সাপের কামড়ে মজনু মিয়া (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মজনু মিয়া প্রতিদিনের মতো মাঠে পাট কাটতে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যেতে থাকেন। পরে একটি সাপকে গর্তে ঢুকতে দেখে তিনি গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।
কিছুক্ষণ পর তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।