কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড মামলার এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হলো।
গত ২৪ জুলাই ভোরে রৌমারী উপজেলার ভন্দুরচরের একটি প্রত্যন্ত চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। ঘটনার পরপরই কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে রৌমারী থানা পুলিশ অভিযান শুরু করে এবং ইতিমধ্যে পাঁচজন আসামিকে গ্রেফতার করে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল গাজীপুর জেলার শফিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত দুই আসামি—ধলু মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, “রৌমারীর হত্যাকাণ্ডে জড়িত আরও দুই এজহারভুক্ত আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়ভাবে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রৌমারী থানা পুলিশ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।