কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিদা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আগুনে পুড়ে দুটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এছাড়া দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে এবং তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় একটি কাঁচা বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে তারে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নায়েব আলীর ছেলে মো. নুরুজ্জামান দুদুর গোয়ালঘর ও রান্নাঘরে। এতে ঘর দুটি পুড়ে যায় এবং গোয়ালে থাকা দুটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
এদিকে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ছিঁড়ে যাওয়া একটি বিদ্যুতের তার শাহিদা আক্তারের গলায় জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাহিদা আক্তার কাজাইকাটা গ্রামের সোনা মিয়ার স্ত্রী।
এ ঘটনায় মো. জয় মিয়া, তার স্ত্রী ও মমতাজ বেগমসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।