আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কালিমন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপদেষ্টা ফরিদা আখতার পূজা চলাকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।