শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রমনা ইউনিয়ন পরিষদ, চিলমারী থানা, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা ও থানাহাট ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।
থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া ও পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন।

পরে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা/অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করেন জেলা প্রশাসক।
এ ছাড়া রমনা ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে আয়োজিত জনসচেতনতামূলক সভায় অংশ নেন তিনি। একই স্থানে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা তৈরির বিষয়টি গুরুত্ব পায়।