“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়।
সকালে শাপলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন এবং সাদা পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

পরবর্তীতে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে কুড়িগ্রামে বর্তমানে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। কৃষি, তাঁত, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে সমবায় সমিতিগুলো জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।