কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সরবরাহকারী ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। এ সময় এরশাদ আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত হয়েছেন মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলুসহ চারজন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share With