২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে জোর প্রস্তুতি চলছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন।
তিনি বলেন, “প্রত্যেক শিক্ষার্থী যদি নিজের দায়িত্ব নিজে বুঝে নেয়, আর অভিভাবকরা সন্তানদের অনুশাসনের মধ্যে রাখেন ও প্রয়োজনীয় সহযোগিতা দেন, তাহলে শতভাগ পাস নিশ্চিত করা সম্ভব।”
অধ্যক্ষ আরও জানান, কোনো শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই সে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবে। আর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ফরম পূরণের সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও নিয়মিত অধ্যবসায় বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, “নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং অহেতুক মোবাইল ফোনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পড়াশোনায় মনোযোগী হলে ও নিয়ম মেনে চললে শতভাগ পাস করা কোনো কঠিন কাজ নয়।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রাম সরকারি কলেজ থেকেই শতভাগ পাস নিশ্চিত করা সম্ভব। আমরা প্রশাসনের সহযোগিতা, প্রেসক্লাবের সমর্থন ও সুধী সমাজের উৎসাহ পাচ্ছি, যা আমাদের কাজের সাহস জোগাচ্ছে।”
প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন নিজেকে শুধু অধ্যক্ষ নয়, বরং কুড়িগ্রামের একজন সন্তান ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলেন, “আমি সকলের কাছ থেকে গঠনমূলক সমালোচনা, সহায়তা ও পরামর্শ কামনা করছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই আমাদেরও ত্রুটি থাকতে পারে। ভুল ধরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব।”
তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, “অনেক সময় কাণ্ডজ্ঞানহীন ও অসত্য মন্তব্য আমাদের কষ্ট দেয় এবং শিক্ষাদানের মানসিকতাও নষ্ট করে। তবে সব কিছুর পরেও জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের প্রেরণা।”
শেষে তিনি বলেন, “কুড়িগ্রামকে এগিয়ে নেওয়ার একমাত্র সিঁড়ি হচ্ছে শিক্ষা। তাই সবাই মিলে শিক্ষা-অগ্রযাত্রার এই প্রচেষ্টাকে সফল করতে হবে।”