জান্নাতুল ফেরদৌসে ইভা, রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীতে যানজট এখন নিয়মিত দুর্ভোগে পরিণত হয়েছে।বিশেষ করে মেডিকেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, জুম্মাপাড়া ও পার্বতীপুর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট চরমে পৌঁছেছে। ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত যানবাহন ও বাসসহ সব ধরনের যানবাহনকে।
স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জানান, প্রতিদিন অফিসে ও বাজারে যেতে এই যানজটে পড়তে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি মানসিক ক্লান্তিও তৈরি হচ্ছে।
গতকাল দুপুরে নগরীর সিটি কর্পোরেশন ভবনের সামনের সড়কে তোলা ছবিতে দেখা যায়, পুরো রাস্তাজুড়ে দীর্ঘ যানজট। দুই পাশে দোকানপাট আর ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। সেই সঙ্গে রয়েছে ট্রাফিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ও চালকদের অসচেতনতা।
স্থানীয় বাসিন্দা মাহবুব আলম জানান, “প্রতিদিন অফিসে যাওয়া-আসায় একঘণ্টার পথ দুই ঘণ্টা লেগে যায়। রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী—সবার জন্যই এই যানজট বড় যন্ত্রণা।”
বিশেষজ্ঞদের মতে, রংপুর শহরের মূল সড়কগুলো সংকীর্ণ এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে। অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ট্রাফিক ব্যবস্থার ঘাটতি এবং জনসচেতনতার অভাব এ সমস্যা আরও প্রকট করেছে।
রংপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, যানজট নিরসনে সিটি করপোরেশন উদ্যোগ নিচ্ছে। কিছু রাস্তায় ওয়ান ওয়ে প্রবর্তন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, রিকশা-ভ্যান নিয়ন্ত্রণ, বাস-স্টপ ও পার্কিং স্পট নির্ধারণ এবং স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর মাধ্যমে এ সমস্যার টেকসই সমাধান সম্ভব।