আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আবারও উত্তরবঙ্গ সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৭ ফেব্রুয়ারি তিনি রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী—এই তিন জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তবে এ সফরে কুড়িগ্রাম জেলায় কোনো কর্মসূচি রাখা হয়নি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, এবারের নির্বাচনী সফরে তারেক রহমান সড়কপথ নয়, হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের তিনটি জেলায় যাবেন। যদিও সফরের দিন নির্ধারিত হয়েছে ৭ ফেব্রুয়ারি, তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং কেন্দ্রীয় নির্বাচনী সফরসূচির ওপর সময় নির্ভর করবে বলে জানান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, এ সফরে তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এসব জনসভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দিনাজপুরে তারেক রহমানের জনসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রস্তুতি সভা করা হয়েছে এবং এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলেও জানান ডা. জাহিদ হোসেন।