রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩, আহত ১৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের বিপরীতে একটি মাজার মসজিদের সামনে মাটিবোঝাই ডাম্প ট্রাকটি সড়কের পাশে দাঁড় করানো ছিল।

সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *