কুড়িগ্রামের ঘোগাদহে স্থানীয় উদ্যোগে বেহাল রাস্তা সংস্কার, দ্রুত সরকারি উদ্যোগের আহ্বান

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের (৩নং ওয়ার্ডের) বকুলতলা বাজার থেকে সোনালীর কুটি গ্রামের মসজিদ পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল রাস্তাটি।

বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে উঠত।শেষ পর্যন্ত বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয়রা নিজস্ব উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। চলাচলের জন্য রাস্তার খাদগুলো ভরাট করা হয় এবং রাস্তাকে চলাচলের উপযোগী করা হয়।

এই উদ্যোগে অবদান রেখেছেন মোঃ আব্দুল বারেক, জাহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, শাহজালালসহ আরও অনেকে।

স্থানীয়রা জানিয়েছেন, আমরা কোনোরকম রাবিস দিয়ে রাস্তাটি ব্যবহারযোগ্য করেছি, তবে এগুলো বেশিদিন টিকে থাকবে না। এর আগেও আমরা রাবিস দিয়ে ঠিক করেছিলাম, কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী হয়নি।

রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া, গোপালের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারহাট মাদ্রাসা ও অন্যান্য স্কুলে যাওয়া-আসা করা শিক্ষার্থীরাও পূর্বে কাদা-গাদার কারণে সমস্যার মুখোমুখি ছিলেন। রাস্তাটি সংস্কার হওয়ায় শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যাওয়া-আসা করতে পারছেন এবং গ্রামবাসীর দৈনন্দিন চলাচলও সহজ হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা নেবেন যাতে রাস্তাটি টেকসইভাবে সংস্কার করা যায় এবং ভবিষ্যতেও গ্রামীণ এলাকার চলাচল নিরাপদ থাকে।

Share With