জলবায়ু সহিষ্ণু সমাজ গড়তে কুড়িগ্রামে কৃষক-কৃষাণী সংলাপ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কৌশল নিয়ে কুড়িগ্রামে দিনব্যাপী কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা আফাদ মিলনায়তনে আয়োজিত এই সংলাপের আয়োজন করে নারী পক্ষ প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী পক্ষের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পদোন্নতি পাওয়া অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা খান, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শারমিন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মাইদুল ইসলাম এবং আফাদের নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন।

ইউএন উইমেন-এর অর্থায়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ‘জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারীর ক্ষমতায়ন (ফেইস প্রকল্প)’ বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেন।

দিনব্যাপী এই সংলাপে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ সংগঠন ও নারী নেতৃত্বাধীন সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে নেটওয়ার্ক গঠন, সভা ও ডায়লগ সেশন আয়োজন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে অভিযোজন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সংলাপ কৃষি ও জীবিকানির্ভর জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত করবে এবং নারী নেতৃত্বকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করবে।

Share With