কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে আবারো দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠেছে, দুস্থ নারীদের জন্য সরকারের ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড প্রদানে অর্থ গ্রহণ ও অনিয়মের।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বড়ভিটা ইউনিয়নের জন্য ৮৩৫ জন উপকারভোগী নারীর বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই কার্ড পেতে অসচ্ছল নারীদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে নিলেও, তাদের নাম তালিকায় রাখা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েছেন ভুক্তভোগীরা।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আয়শা, নুরনাহার ও আছপি বেগম বলেন, “সরকার তো গরীবদের এই কার্ড দেয়। আমরা গরীব, তাই আবেদন করেছিলাম। কিন্তু চেয়ারম্যান মিন্টু আমাদের কাছে টাকা চায়, আমরা ধার করে দিলাম। এরপরও চূড়ান্ত তালিকায় আমাদের নাম নেই।”
একই অভিযোগ করেছেন ৬ নম্বর ওয়ার্ডের ইন্নি খাতুন ও তার শাশুড়ি। তাদের অভিযোগ, কার্ড পেয়েছেন অর্থবানরা, আর প্রকৃত দরিদ্ররাই বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন আলো জানান, তিনি দায়িত্বে থাকার সময় স্বচ্ছভাবে লটারি পদ্ধতিতে নাম নির্বাচন করার উদ্যোগ নিয়েছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথেও পরামর্শ করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান আতাউর রহমান পুনরায় দায়িত্বে ফিরেই অগ্রাধিকার তালিকা দ্রুত পাঠিয়ে দেন এবং স্বচ্ছ প্রক্রিয়াকে উপেক্ষা করেন।
চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারো কাছ থেকে এক টাকাও নিইনি।”
তবে বিষয়টি নিয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”