দেশের দ্বিতীয় সেরা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ মারুফ আহমেদ। তিনি রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম মোঃ আব্দুস সোবহান এবং মাতা মোছাঃ দেলজান বেগম।
দীর্ঘ পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে দেশের অন্যতম শীর্ষ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও ভর্তি ফি ও নিয়মিত পড়াশোনার ব্যয়ভার বহন করা মারুফের পক্ষে এখন কঠিন হয়ে পড়েছে। পিতৃহীন পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তার বিধবা মায়ের পক্ষে এই ব্যয় বহন করা কার্যত অসম্ভব।
পরিবারের আর্থিক সংকটের কারণে মারুফ আহমেদের উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় তার শিক্ষা জীবন রক্ষায় সহৃদয়বান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছে পরিবার।
মানবিক সহায়তায় আগ্রহীরা মারুফ আহমেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন—
মোবাইল: ০১৯০২৮৫২০০৮
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন এ বিষয়ে তৃণমূল-কে বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।” তিনি মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী মোঃ মারুফ আহমেদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের সহৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানান।
বিষয়টি ব্যাপকভাবে প্রচার ও শেয়ার করে এই মেধাবী কিন্তু অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।