কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, একটি অটোরিকশা জব্দ এবং তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) এবং বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।
পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুর থানার আনন্দ বাজার এলাকায় ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুর থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, কুড়িগ্রামে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।