কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে বাড়ির আঙিনায় কুলগাছ ও বাঁশের সঙ্গে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশি ব্যবহার করে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।