কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন।
জানা যায়, বালারহাট বাজারের একটি ডিজেল ও পেট্রোল দোকান দীর্ঘদিন বন্ধ রাখার পর তেল মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে দোকানদার রশিদুল ইসলামের দোকানে প্রায় ১১,৯৩২.৫ লিটার তেল মজুত পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র দেখার পর তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত রশিদুল ইসলাম দাবি করেন, তিনি তেল মজুত করেননি। অসুস্থতার কারণে তিনি সকালে চিকিৎসকের পরামর্শ নিতে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলায় গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে জানতে পারেন তার দোকানে অভিযান চলছে। দ্রুত ফিরে এসে চিকিৎসার কাগজপত্র দেখালেও তাকে জরিমানা করা হয়। তিনি জানিয়েছেন, জরিমানার টাকা ধার করে পরিশোধ করতে হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ তেল মজুত পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে মজুতকৃত তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।