র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং মো. মোস্তাফিজুর রহমান।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার কাজী রীমা আক্তার, মাখলুক হাসান মবীন, ইমরানা আক্তার, ফারহানা ইয়াসমিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী ও পুরুষের সমঅংশগ্রহণের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নারী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।