কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেদওয়ানুর রহমান (৫৩) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের উত্তর নগরাজপুর গ্রামের একটি পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেদওয়ানুর রহমান ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ভাঙ্গামোড় ব্যাপারীপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবং উত্তর নগরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।