কুড়িগ্রামে ঐতিহ্যবাহী কলাগাছের ভেলা বাইচ, চ্যাম্পিয়ন ‘গরিবের বন্ধু’

কুড়িগ্রাম সদর উপজেলায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচের আদলে ঐতিহ্যবাহী কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই আয়োজন ঘিরে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে হাজারো দর্শকের ভিড় জমে যায়।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় ভোগডাঙ্গাসহ আশপাশের ইউনিয়নের মোট ১৮টি দল অংশ নেয়। প্রতিটি ভেলায় ৪ থেকে ৫ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। চার দিনের প্রাথমিক পর্ব শেষে পঞ্চম দিনে ফাইনাল খেলায় জায়গা করে নেয় পাঁচটি দল—গরিবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ আরও দুটি দল। রোমাঞ্চকর ফাইনাল খেলায় দশের দোয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘গরিবের বন্ধু’।

বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী দলকে দুইটি খাসি, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি খাসি এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি রাজহাঁস তুলে দেওয়া হয়।

খেলা দেখতে আসা স্থানীয়রা জানান, নৌকা বাইচসহ নানা খেলাধুলা জীবনে দেখলেও কলাগাছের ভেলার প্রতিযোগিতা তাদের কাছে একেবারেই নতুন ও চমকপ্রদ। এমন আয়োজনে তারা মুগ্ধ হয়ে পড়েন।

Share With