কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ১১২টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উলিপুর-চিলমারী সেনা ক্যাম্পের কমান্ডার উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, অন্যথায় অনুমোদন দেওয়া হবে না। পাশাপাশি প্রতিটি মন্দিরে কমিটির সঙ্গে সমন্বয় করে ভলান্টিয়ার নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পূজাকে ঘিরে কোনো মেলা বসানো যাবে না। তবে পূজা মণ্ডপের আশপাশে কমিটির অনুমতিতে সর্বোচ্চ দুটি দোকান বসতে পারবে। সভায় আতসবাজি বাজানো থেকে বিরত থাকা এবং স্থানীয় মসজিদের সঙ্গে সমন্বয় রেখে আজান ও নামাজের সময় মাইক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
প্রতিটি মণ্ডপে বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি প্রয়োজনে হটলাইন নাম্বার ১০২-এ যোগাযোগ ও ফায়ার সার্ভিসকে অবহিত করার কথা জানানো হয়। এছাড়া প্রতিমা বিসর্জনের সময় পূজা মণ্ডপ এলাকার আশপাশের সব দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপনে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।