কুড়িগ্রামে কুড়ার পানিতে ডুবে হামীম মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার চিলকির কুড়ায় এ ঘটনা ঘটে। নিহত হামীম ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওই এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে হামীম কুড়ার পাশে খেলতে যায়। একপর্যায়ে অন্য শিশুদের অজান্তে সে কুড়ার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এক বাসিন্দা গরু আনতে গিয়ে কুড়ায় একটি ভাসমান মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে হামীমের বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।