কুড়িগ্রামের নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পান্ডা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বাদী হয়ে একই এলাকার ইয়াকুব পান্ডার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পরিবারের পরিচিত এবং আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে কৌশলে অচেতন করে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বাদীর দাবি, ঘটনার কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে অভিযুক্তকে ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পান এবং তাকে আটকের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তের স্বজনরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর কাছে ঘটনার বিস্তারিত শোনার পর পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব কুমার রায় জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ইয়াকুব পান্ডাকে গ্রেপ্তার করে বুধবার (২৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।