কুড়িগ্রামে গণভোটে “হ্যাঁ” প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্যতম বৃহৎ হাট দুর্গাপুর হাটে এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাটে আগত দোকানদার ও সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে “হ্যাঁ” ভোটের আহ্বান জানান। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাকিব হাসান, সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রচারণা শেষে সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, “গণভোট আমাদের জুলাই আন্দোলন এবং জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিটি এলাকায় গণভোটকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার সংগ্রাম চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”

মুখ্য সংগঠক সাকিব হাসান বলেন, “আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। সামনে আরও ব্যাপক ও ধারাবাহিক প্রচারণার মাধ্যমে গণভোটকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবো।”

এ সময় সংগঠনের নেতারা জানান, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

Share With