কুড়িগ্রামে দফায় দফায় বজ্রবৃষ্টির শঙ্কা: সতর্ক থাকার আহ্বান

স্যাটেলাইট চিত্রে রংপুর বিভাগের আকাশে শক্তিশালী বজ্রমেঘ সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও নেপাল অঞ্চলেও আরেকটি বজ্রমেঘ অবস্থান করছে, যা ধীরে ধীরে এ অঞ্চলের আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে আজ রাত থেকে আগামীকাল (রোববার) বেলা ১২টার মধ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথাও এই বজ্রবৃষ্টি তীব্র আকার ধারণ করতে পারে।

পূর্ববর্তী পূর্বাভাস অনুযায়ী ইতোমধ্যে জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং রাজারহাট উপজেলার কিছু অংশে বজ্রবৃষ্টি শুরু হয়েছে। ধীরে ধীরে তা আরও বিস্তৃত হচ্ছে।

এদিকে আবহাওয়া পর্যবেক্ষণে দেখা গেছে, এখন থেকে আগামী ১ থেকে ১.৫ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় বজ্রবৃষ্টি আঘাত হানতে পারে। পরবর্তীতে রৌমারী ও রাজিবপুর এলাকাও এর আওতায় আসার সম্ভাবনা রয়েছে।

এ সময় তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে, তবে অনেকে আগাম সতর্কতায় নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।

Share With