কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬। এ উপলক্ষে শ্রীশ্রী রাধা নামহট্ট (ইস্কন) মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
রথযাত্রা মহোৎসবের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম এবং জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকুক—এটাই সবার প্রত্যাশা। তিনি শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের সফলতা কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ সকলের কাছে ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী কুড়িগ্রাম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে তিনি ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মপ্রাণ ভক্ত, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রার আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।