জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও উপকরণ মেলায় কুড়িগ্রামের গৌরবময় অংশগ্রহণ

গতকাল ১৫ জুলাই বুধবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও শিক্ষা উপকরণ প্রদর্শনী মেলা। অনুষ্ঠানে দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অবদান রাখা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শিক্ষা মন্ত্রী জনাব আ.ন.ম. এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।

জাতীয় পর্যায়ের এই গৌরবময় অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার পক্ষে নেতৃত্ব দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িগ্রাম সদর উপজেলার দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

মেলায় মিয়াপাড়া ও দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন করে মোট চারজন চৌকষ শিশু শিক্ষার্থী অংশগ্রহণের বিরল সুযোগ পায়। এই গৌরবময় অর্জনে মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশন আরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও শিক্ষার্থীদের গাইড করেন।

জাতীয় পর্যায়ে কুড়িগ্রাম জেলার নাম উজ্জ্বল করায় মিয়াপাড়া ও দোবাড়িয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয়, শিক্ষক মণ্ডলী এবং ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Share With