কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীরে ২০০ বছরের পুরোনো ছোট মাছের বড় বাজার

সূর্যের আলো ফোটার আগেই কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের তীরে সারি সারি নৌকা এসে ভিড়তে থাকে। জেলেদের হাঁকডাক আর মাছ ব্যবসায়ীদের দর-কষাকষিতে মুখর হয়ে ওঠে জেলার চিলমারী উপজেলার রমনা এলাকার গাতির ঘাট। বৈরালী, চিতল, বোয়াল, বাঘাইড়সহ নানা দেশি মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারাও ব্যস্ত হয়ে পড়েন পছন্দের মাছ কিনতে। সপ্তাহের প্রতিদিন সকাল ও দুপুরে দুই দফায় বসে এই হাট। স্থানীয় জেলেদের দাবি, প্রায় ২০০ বছর ধরে ব্রহ্মপুত্রের তীরে চলে আসছে মাছের এই বাজার।

স্থানীয় জেলেরা জানান, বাপ-দাদার আমল থেকেই এই হাটে মাছ কেনাবেচা হয়ে আসছে। প্রতিদিন ভোরে প্রথম দফার হাট বসে, চলে প্রায় এক ঘণ্টা। দ্বিতীয় দফার বেচাকেনা শুরু হয় দুপুর আড়াইটার দিকে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদী থেকে মাছ ধরে জেলেরা এখানে নিয়ে আসেন। দুই দফায় প্রায় ১৫০টি মাছ ধরার নৌকা ঘাটে ভেড়ে।

ব্রহ্মপুত্রের তীরে গাতির ঘাটের এই অস্থায়ী হাট ছোট মাছের জন্য বিখ্যাত। এখানে বৈরালী, চিতল, বোয়াল, পুঁটি, টেংরা, বাইম, মলা, সরপুঁটি, গুলশা, চাপিলা, কাচকি, চেলা, ঢেলা, কাঁজুলি, বাচা, গুতুম, বেলে, খলিশা, চান্দা, বাঁশপাতারি ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।

স্থানীয় বাজারের পাশাপাশি বরফ দিয়ে এসব মাছ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এ ছাড়া এই হাটে পাওয়া যায় বড় আকারের বাঘাইড় মাছ। আড়াই কেজি থেকে শুরু করে তিন থেকে সাড়ে তিন মণ ওজনের বাঘাইড়ও পাওয়া যায় এখানে। প্রতি কেজি বাঘাইড়ের দাম পড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

গাতির ঘাটের মাছের হাটের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা ও স্মৃতি। ঘাটের প্রবীণ মাছ বিক্রেতা ফুলেল চন্দ্র দাস ৬০ বছর ধরে এখানে মাছ কেনাবেচা করছেন। তিনি বলেন, ‘প্রায় ৬০ বছর থাকি মাছ কেনাবেচা করি। এই ঘাটের সঙ্গে হামার বাপ-দাদার স্মৃতি জড়িত। প্রতিদিন ৬০০ থাকি ৭০০ টাকা আয় হয়। এই ঘাট দিয়েই পেট চলে।’

চিলমারীর পাত্রখাতা এলাকার ৬৫ বছর বয়সী মাছ ব্যবসায়ী সতিশ চন্দ্র দাস একসময় নিজেই ব্রহ্মপুত্র নদে মাছ ধরতেন। বার্ধক্যের কারণে এখন আর নদীতে যেতে পারেন না। গাতির ঘাট থেকে মাছ কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। এতে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয় বলে জানান তিনি।

তবে এই হাটের ব্যস্ততার আড়ালে রয়েছে জেলেদের জীবিকার সংকট। তাঁদের ভাষ্য, নদীতে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বেড়েছে মাছ ধরার খরচ। বিশেষ করে ডিজেলের বাড়তি দাম তাঁদের আয় কমিয়ে দিয়েছে।

জেলে পরেশ চন্দ্র দাস (৪৪) বলেন, ‘একদিন মাছ ধরতে আট-দশ লিটার ডিজেল লাগে। কিন্তু নদীত আগের মতো আর মাছ নাই। এক নৌকায় ৫/৬ জন কাজ করি। তেল, খাবার আর অন্য খরচ বাদ দিয়ে ভাগে ৩/৪ শ টাকা পাই। এই দিয়ে সংসার চালানো মুশকিল।’

মাছ ধরতে গিয়ে সাত বছর আগে ইঞ্জিনচালিত নৌকায় দুর্ঘটনার শিকার হন পরেশ চন্দ্র দাস (৬৬)। এরপর থেকে মাছ ধরা ছেড়ে দিয়েছেন তিনি। এখনো প্রতিদিন সকালে ও বিকেলে ঘাটে আসেন। তিনি বলেন, ‘নৌকা দুর্ঘটনার পর থেকে আর জাল মারতে পারি না। অন্য কাজ জানা নাই। এই ঘাটের মানুষগুলার সাথেই তো সারা জীবন কাটল। মানুষজন যে যা পারে, সহযোগিতা করেন।’

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গাতির ঘাটের অস্থায়ী মাছের হাটে দেশি মাছের সুনাম রয়েছে। হাটটি ঠিক কত বছর আগে চালু হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী এই হাট ইজারামুক্ত রাখা হয়েছে। জেলেদের কাছ থেকে কেউ যাতে জোর করে টাকা আদায় করতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হয়।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *