কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মুকুল মিয়া

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া। এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে তাঁর প্রার্থিতা অনুমোদন দেওয়া হয়েছে। মনোনয়ন তালিকায় তাঁর সিরিয়াল নম্বর ৭।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. মুকুল মিয়া দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এবং দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি কুড়িগ্রাম সদর উপজেলাকে দুর্নীতি, বৈষম্য ও জনদুর্ভোগমুক্ত করে একটি আধুনিক, পরিকল্পিত ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মুকুল মিয়া বলেন, নির্বাচিত হলে উপজেলার প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, সাধারণ মানুষের হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, যুবসমাজের বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি হাসপাতালের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেবেন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন, স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ এবং গ্রামীণ সড়ক, কালভার্টসহ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

উপজেলাবাসীর উদ্দেশে মুকুল মিয়া বলেন, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী সদর উপজেলা গড়তে তিনি সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শ চান। জনগণ তাঁকে সেবা করার সুযোগ দিলে তাঁদের আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এদিকে, মনোনয়ন পাওয়ার আগেও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন মুকুল মিয়া।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *