কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টে সাফল্য

কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। “Sustainable Power Generation And Safe City” নামের ব্যতিক্রমধর্মী এই প্রজেক্টটি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং বিকল্প বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

প্রজেক্টটির মূল লক্ষ্য ছিল টেকসই জ্বালানি উৎপাদন ও নিরাপদ নগরব্যবস্থা গড়ে তোলা। এতে বায়োমাসকে HTL (Hydrothermal Liquefaction) প্রক্রিয়ায় রূপান্তর করে ক্রুড অয়েল উৎপাদনের পরিকল্পনা তুলে ধরা হয়। পরবর্তীতে সেই ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করে পেট্রোল ও ডিজেল তৈরির ধারণাও উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও বন্যা মোকাবিলায় নদীর পাড়ে বিশেষ বাঁধ নির্মাণের পরিকল্পনা দেখানো হয়। বাঁধে স্থাপন করা হবে সুইচ গেট, যা পানির স্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে খুলে দেওয়া হবে। এতে পানির প্রবল স্রোত সৃষ্টি হবে এবং সেই গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানানো হয়।

প্রজেক্টে আরও যুক্ত করা হয়েছে একটি স্মার্ট ফ্লাড ওয়ার্নিং সিস্টেম, যার মাধ্যমে শহরে বন্যার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছালে আগাম সতর্কবার্তা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে।

বিদ্যুৎ উৎপাদনের নতুন ধারণা হিসেবে শিক্ষার্থীরা স্পিডব্রেকারে হাইড্রোলিক প্রেস প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবও তুলে ধরে। তাদের দাবি, একটি স্পিডব্রেকারের উপর দিয়ে প্রতিদিন প্রায় ২০০০ গাড়ি চলাচল করলে প্রায় ১৪৪ ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে।

প্রজেক্টটির কো-অর্ডিনেটর ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কবির হোসেন। শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগকে শিক্ষক ও অভিভাবকরা ভবিষ্যতের টেকসই উন্নয়ন ভাবনার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

Share With