কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১১৯ শিক্ষার্থী

কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ডিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজটির মোট ৫৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫০৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৩ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬৭ জন, মানবিক বিভাগে ৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে কেউ জিপিএ-৫ পায়নি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন বলেন,

“যারা পরীক্ষায় পাস করেছ, সবাইকে আন্তরিক অভিনন্দন। আর যারা জিপিএ-৫ পেয়েছ, তাদের আত্মতুষ্টিতে না থেকে ভর্তি পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নিতে হবে। অতীতে জিপিএ-৫ না পেয়েও অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নজির স্থাপন করেছে। তাই যারা এবার জিপিএ-৫ পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর যারা ফেল করেছ, তারা তিন দিন বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করো।”

এই ফলাফলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পাশাপাশি ভবিষ্যৎ পরীক্ষায় আরও ভালো করার প্রত্যয় দেখা গেছে।

Share With