কুড়িগ্রামে ধারণ করা ইত্যাদির নতুন পর্বে থাকছে নানা চমক

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীবেষ্টিত, ভাওয়াইয়া গানসমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ জেলা কুড়িগ্রামে। প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত মঞ্চে অনুষ্ঠিত হয় এবারের পর্বের চিত্রায়ন।

ইত্যাদির ধারণ উপলক্ষে পুরো কুড়িগ্রাম জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। শনিবার (১১ অক্টোবর) দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে শুরু করেন দর্শকরা। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়েই অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। স্থান সংকুলান না হওয়ায় অনেকে অনুষ্ঠানস্থলের বাইরে থেকেও প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করেন।

স্থানীয়দের মতে, কুড়িগ্রামে এর আগে কখনও কোনো অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। এবারের পর্বে বিশেষভাবে উঠে এসেছে কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও ভাওয়াইয়া সংগীতের ঐশ্বর্য। ‘ও কি গাড়িয়াল ভাই’—ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের এই বিখ্যাত গানটি নতুনভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। সংগীতায়োজন করেছেন মেহেদী।

এছাড়া কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় পরিবেশিত হয়েছে পরিচিতিমূলক গান—সুর দিয়েছেন হানিফ সংকেত, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, নৃত্য পরিবেশনায় ছিলেন স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানে আরও থাকছে কুড়িগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস, মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, চিলমারী নদীবন্দরসহ নানা ঐতিহাসিক স্থানের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। ভাওয়াইয়া সংগীতের বিকাশ ও সংরক্ষণে অবদান রাখা ভূপতি ভূষণ বর্মা ও তার শিক্ষার্থীদের নিয়েও থাকছে একটি বিশেষ ফিচার।

তথ্যভিত্তিক প্রতিবেদন ছাড়াও এবারের ইত্যাদিতে দেখা যাবে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের জীবন-সংগ্রাম, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে তৈরি ‘রিকতা আখতার বানু বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’ বিষয়ে মানবিক প্রতিবেদন, এবং বিদেশি প্রতিবেদনে দেখা যাবে সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড ও রহস্যময় কুসু দ্বীপ।

এছাড়াও থাকবে কাশেম টিভির সাংবাদিক ও নাতির মজার সংলাপ, চিঠিপত্র পর্ব, এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গভিত্তিক নাট্যাংশ।

সব সময়ের মতোই এবারের ইত্যাদি পর্বটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ইত্যাদির এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

Share With