কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রেখে চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে বিজিবির আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।