পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (০৭ অক্টোবর) সারাদিনব্যাপী এই কর্মসূচির আওতায় চিলমারী-মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও চিলমারীর উদীয়মান তরুণ নেতা মঈনুল ইসলাম মানিক। এতে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
ছাত্রদল নেতা মঈনুল ইসলাম মানিক বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা এ কর্মসূচির আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “গাছ লাগানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মোত্তালেব, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম প্রিন্স, সাবেক যুবদল নেতা আশরাফুল আলম বকুল, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমক, জেলা ছাত্রদলের সদস্য রিফাজুল হক রিয়াদ, চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা প্রমুখ।