বাংলাদেশ জাতীয় বক্সিং দলে জায়গা করে নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার খাওনার দরগাহ্ গ্রামের সন্তান সাগর নাজাত। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে দীর্ঘদিন ধরে বক্সিং খেলায় নিজেকে প্রমাণ করার পর এবার দেশের হয়ে লড়াই করার সুযোগ পেলেন তিনি।
২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার বক্সিং ক্যারিয়ারের যাত্রা শুরু। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেনাবাহিনীর হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন নাজাত। এর মধ্যে একটি জাতীয় প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয় তার ক্যারিয়ারের অন্যতম অর্জন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাজশাহীতে প্রশিক্ষণ নিচ্ছেন।
খেলাধুলার প্রতি তার নিষ্ঠা, শৃঙ্খলা ও অক্লান্ত পরিশ্রম তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে নাজাত তৃণমূলকে বলেন,
“আমি জীবনেও কল্পনা করতে পারিনি আমি এতদূর আসতে পারবো। আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত। এতোদূর আসার পেছনে আমার স্ত্রীর অনেক ত্যাগ ও সমর্থন রয়েছে। সবকিছু মিলিয়ে আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা নাজাতের এই অর্জনকে কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জেলার জন্য এক বিশাল সম্মান হিসেবে দেখছেন। তারা আশা করছেন, খুব শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গৌরব এনে দেবেন তিনি।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কর্মকর্তারাও তার প্রতি আশাবাদ ব্যক্ত করে জানান, নাজাতের মতো প্রতিভাবান খেলোয়াড়দের হাত ধরে দেশের বক্সিং অঙ্গন আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমসে সবকিছু ঠিক থাকলে সাগর নাজাত অংশগ্রহণ করবেন। সেই আসর থেকেই শুরু হবে তার আন্তর্জাতিক সাফল্যের পথচলা।