ডাকসু নির্বাচনে কুড়িগ্রামের একমাত্র নারী প্রার্থী মেঘলা

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুড়িগ্রামের মেয়ে চেমন ফারিয়া ইসলাম মেঘলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের ছাত্রী মেঘলা বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা এডভোকেট ফখরুল ইসলাম কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের পরিবার কুড়িগ্রাম সদরে বসবাস করেন।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মেঘলা বলেন,
“এই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে না পারলে জীবনের সবচেয়ে বড় অন্যায় হবে। আমি জানি ক্লাস শেষে লাঞ্চ করতে না পারার কষ্ট, প্রচণ্ড গরমে বারান্দায় শুয়ে থাকার কষ্ট, হলের নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার যন্ত্রণা। মেয়েদের হাইজিন সমস্যা, টোকাইদের হ্যারাসমেন্ট কিংবা শিক্ষকদের অযাচিত হয়রানি—এসব আমি নিজে ভোগ করেছি। প্রথম বর্ষ থেকেই এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কিন্তু ক্ষমতা না থাকায় কিছু করতে পারিনি। এবার সেই সুযোগটা চাই।”

তিনি আরও বলেন, “শাহবাগ থেকে পল্টন—এই রাস্তা আমার লড়াইয়ের সাক্ষী। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর অধিকার রক্ষাই আমার লক্ষ্য। সবার কাছে দোয়া চাই।”

স্থানীয়ভাবে মেঘলার প্রার্থিতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। কুড়িগ্রামের সাধারণ মানুষও তার সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

Share With