কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সেতু উদ্বোধনের পর প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ মোটরসাইকেলযোগে সেখানে ভিড় করছেন। দ্রুতগতিতে ছুটে চলা এসব মোটরসাইকেলের কারণে এলাকাবাসী নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করলেও নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী নিহত হয়েছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, দুর্ঘটনার পর খদেজা বেগমের মরদেহ বাড়িতে নেওয়া হয় এবং রাত ১০টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে উদ্বোধনের একদিনের মধ্যেই শুরু হয় নানা অনিয়ম ও দুর্ভোগ। উদ্বোধনের দিন রাতেই সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি হওয়ায় অন্ধকারে ডুবে যায় পুরো সেতু। এতে হাজারো দর্শনার্থীকে ভোগান্তি পোহাতে হয়। এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা।