১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জেলা প্রশাসনের নেতৃত্বে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে জেলার সকল ভোটকেন্দ্রে নির্বাচনী উপকরণ নিরাপদে ও সময়মতো পৌঁছানো নিশ্চিত করা হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সার্বক্ষণিক নজরদারি এবং মহড়া অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ের এসব কার্যক্রমে উপস্থিত রয়েছেন পুলিশ সুপার, কুড়িগ্রাম; অধিনায়ক, ২২ বিজিবি; সিভিল সার্জন, কুড়িগ্রাম; উপপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই); অধিনায়ক, র্যাব-১৩ কুড়িগ্রাম; জেলা নির্বাচন কর্মকর্তা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন ও ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জেলার সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।