রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলার ৯ উপজেলার চারটি সংসদীয় আসনে মোট ৭০৬টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন।
পরবর্তীতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া প্রহরায় বিকেলেই ভোটের উপকরণগুলো নিরাপদে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে এবার মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের আশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।