কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এসময় তিনি বলেন, তেঁতুল গাছ লাগিয়ে যেমন আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে যেমন কাঁঠাল আশা করা যায় না। তেমনি বারবার দুর্নীতি করে যারা বাংলাদেশকে বিশ্বে চ্যাম্পিয়ন বানিয়েছে, তাদেরকে আবার ক্ষমতায় বসিয়ে দেশ ও জাতির মুক্তি আশা করা যায় না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সহ-সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর বখত মিঞা প্রমুখ।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। বক্তারা বলেন, দেশের সার্বিক নৈতিক অবক্ষয় রোধে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই। নীতি-নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান তারা।
এসময় উপজেলার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।